ব্রাহ্মণবাড়িয়ার নরসিংসার গ্রামে জন্মগ্রহণকারী মোহাম্মদ আবুল খায়ের পেশায় একজন শিক্ষক ও লেখক। বর্তমানে তিনি সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি চতুর্দশ বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।
পারিবারিকভাবেই তিনি সুফি-আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠেন। পরবর্তী জীবনে সুফিধারায় দীক্ষা গ্রহণের মাধ্যমে তাঁর আধ্যাত্মিক সাধনার পথ আরও বিস্তৃত হয়। সুফিবাদ ও আধ্যাত্মিকতা নিয়ে তাঁর আগ্রহ ও অধ্যয়নের প্রতিফলন দেখা যায় তাঁর লেখালেখিতেও।
২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তাঁর ‘সুফিসাধনা: তত্ত্ব ও অনুশীলনের প্রমিত পাঠ’। এর পরের বছর, ২০২১ সালে প্রকাশিত হয় ‘সুফিকোষ’। এছাড়াও তাঁর প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে ‘নজরুল সংগীতে নান্দনিকতা’, ‘পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি’, ‘দাঁড়াও ছাত্র আমার’, ‘সমকালীন ব্যবহারিক বাংলা’ এবং ‘হৃদরোগীদের লাইফস্টাইল’।